প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবৈধ জনসমাবেশ পণ্ড করতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে সাংবাদিকদের সঙ্গে অপেশাদার আচরণের অভিযোগে কয়েকজন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এ ছাড়া হামলার সময় বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগে জড়িতদের ক্লোজড করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম দেশ রূপান্তরকে তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল বিক্ষোভকারীদের দমাতে গিয়ে পুলিশের কয়েকজন সদস্য সাংবাদিকদের সঙ্গে অপেশাদার আচরণ করেছেন, তাদের চিহ্নিত করে ইতোমধ্যে ক্লোজড করা হয়েছে। তাদের বিষয়ে তদন্ত চলছে। ইচ্ছাকৃতভাবে এ আচরণ করলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডিসি মাসুদ বলেন, আন্দোলনকারীদের উদ্দেশ্য করে দুই-একজন পুলিশ সদস্য অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি বাহিনীর নজরে এসেছে। তাদের ইতিমধ্যে ক্লোজড করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
