এবারের নির্বাচন স্বাধীনতা রক্ষার। তাই ভোট দেওয়ার মধ্য দিয়ে আপনারা নির্ধারণ করবেন স্বাধীনতা চান, নাকি পাকিস্তানের গোলামি চান? এমন প্রশ্ন ছুড়েছেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। গতকাল শনিবার সন্ধ্যায় পাবনার সাঁথিয়ার কাশিনাথপুরে আয়োজিত ধানের শীষের প্রার্থী শামসুর রহমানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন প্রশ্ন করেন তিনি। এর আগে ধানের শীষের স্লোগানে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হন।
অধ্যাপক আবু সাইয়িদ বলেন, একাত্তরে পাকিস্তানি সামরিক বাহিনী আমাদের ওপর আঘাত হেনেছিল, হত্যাযজ্ঞ চালিয়েছিল। এতে সে সময় জামায়াতের রাজাকাররা সহযোগিতা করেছিল। আমরা তাদের পরাজিত করে স্বাধীনতা এনেছিলাম। আইয়ুব খানের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে জনগণকে দেশের মালিক করেছিলাম। সেই স্বাধীনতাবিরোধী অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা দেশের ক্ষমতা নিয়ে আবার পাকিস্তানের গোলামি করতে চায়। এটি কোনোভাবেই হতে দেওয়া যাবে না। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের ভোটযুদ্ধ। এ যুদ্ধে আমাদের জয়ী হতে হবে।
সাঁথিয়া আসনের ধানের শীষের কান্ডারি শামসুর রহমান বলেন, এ নির্বাচন স্বাধীনতার পক্ষ আর বিপক্ষের। এ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
কাশিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহউদ্দিন খান, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কেএম মোরশেদ জ্যোতি, রাজশাহী বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
