ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি পিকআপ গাড়ি তল্লাশি করে মাদকগুলো উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৮টায় ভোলা সদর মডেল থানাধীন ভেদুরিয়া ফেরিঘাটস্থ ইকবাল স্টোরের সামনে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্ট চলাকালে সন্দেহজনক একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বিডিস্বর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মনু মিয়া (৫৮)। অপরজন পটুয়াখালী জেলার বাউফল থানার কাছিপাড়া গ্রামের মৃত মো. শাহাজাহানের ছেলে আসলাম (৫২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে গাড়ির ভেতরে বিশেষ কৌশলে গাঁজা পরিবহন করে ভোলাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করতে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এ ঘটনায় ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
বাঁশখালীতে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসমাবেশ