ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদীখানে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পিকআপ ভ্যানের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার নিমতলা এলাকার এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিকআপ চালক সুজন (৩৭) ও সহকারী ইছারুল (২৫)।
নিহত সুজন যশোর কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে ও ইছারুল খুলনার ডুমুরিয়া উপজেলার জীবনের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, যশোর থেকে কাঁচা মাল বোঝাই করে পিকআপ ভ্যানটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে নিমতলা আন্ডারপাস এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি পিকআপটিকে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সুজনের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় সহকারী ইছারুলকে উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নিলয় তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি বর্তমানে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহও থানায় রাখা হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের মরদেহ থানায় রয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
১২ তারিখের নির্বাচন গণতন্ত্র রক্ষার চূড়ান্ত লড়াই: তারেক রহমান