ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার ইসির

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রাক্কালে ভোটকেন্দ্রের চারশ’ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। আগের দিন জারি করা নির্দেশনা বাতিল করে এখন ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ভোটকেন্দ্রের চারশ’ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ভোটার, প্রার্থী এবং এজেন্টরা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন এবং ছবিও তুলতে পারবেন। তবে কোনওভাবেই গোপন কক্ষের (ভোট দেওয়ার স্থান) ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করা বা ছবি তোলা যাবে না।

ইসি সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মোবাইল ফোন নিয়ে উদ্বেগ জানানো হয়েছিল। মূলত একটি ‘মিসকমিউনিকেশন’ বা ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা চিঠিতে যা বোঝাতে চেয়েছি, তা লিখিতভাবে সেভাবে প্রকাশ পায়নি। মোবাইল ব্যবহারের ওপর কিছু বিধিনিষেধ থাকবে, যা আমরা এখন ফিল্টার করছি। 

এর আগে রবিবার (৮ ফেব্রুয়ারি) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার কথা জানানো হয়েছিল।

ওই নির্দেশনায় বলা হয়েছিল, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটারদের জন্য মোবাইল ফোন বহন নিষিদ্ধ থাকবে। তবে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন।

এই নির্দেশনা জারির মাত্র একদিন পরই তা প্রত্যাহার করে নেওয়া হলো। এখন থেকে সাধারণ ভোটাররাও ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত