গুরুদাসপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, মা-মেয়ের মৃত্যু

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম

নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও একজন। এছাড়া আগুনে পুড়ে গেছে মুদি দোকানসহ পাঁচটি ঘর, আসবাবপত্র এবং ১২টি ছাগল।

সোমবার ভোররাতে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোররাতে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় স্থানীয় মোন্তার হোসেনের বসতবাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে পুড়ে মারা যান মোন্তার হোসেনের ছেলে রান্টু ইসলামের স্ত্রী আতিয়া এবং তাদের দুই বছর বয়সী মেয়ে রওজা। এ ঘটনায় গুরুতর দগ্ধ হন মোন্তার হোসেনের স্ত্রী মর্জিনা বেগম। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত