নৌকার পর ধানের শীষের প্রচারণা

বিদ্রুপের শিকার চিত্রনায়িকা শিমলা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম

এক দিন বাদেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণার শেষ দিনে হঠাৎ বিএনপির হয়ে ভোট চেয়ে রাজপথে নামেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত চিত্রনায়িকা সামসুন্নাহার শিমলা। ধানের শীষের পক্ষে শিমলার প্রচারণার খবর ও ছবি দেখে নিন্দার ঝড় ওঠে জনমনে। কারণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ঝিনাইদহ-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। মনোনয়ন  না পেলেও ওই সময় নৌকার সমর্থনে প্রকাশ্যে প্রচারণা চালান তিনি। এবার প্রতীক বদলে নির্বাচনী মাঠে নামায় তাকে ঘিরে শুরু হয়েছে বির্তক।

 

যোগাযোগমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন শিমলা। তার সঙ্গে ছিলেন মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রিনা খান ও অভিনেতা শাহেদ শরীফ। এ নিয়ে ট্রলের বন্যা বইছে সোশ্যাল মিডিয়াতে। 

তবে শিমলার উপস্থিতি অনেককেই অবাক করেছে। প্রচারণার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিমলা বলেন, ‘আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, তারাও ধানের শীষে ভোট দিতে রাজি হয়েছেন। আর আমাকে নিয়ে নয়-ছয় কথা বলবেন না প্লিজ। আমার অনেক কথা বলার আছে, সেটা ১২ তারিখের পর বলব।’ 

তারপর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও ট্রলের মুখে পড়েছেন শিমলা। হঠাৎ এমন অবস্থান পরিবর্তনের বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি অভিনেত্রীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত