পা ভেঙ্গে গেছে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির প্রার্থী শেখ মো. কামাল হোসেনের। প্রচারণার শেষ দিনে গতকাল সোমবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী বাজারে পিছলে পড়ে পা ভাঙ্গে তার। আজ মঙ্গলবার সন্ধ্যায় নারায়নগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। সেখানে তার পায়ে প্লাস্টার করা হয়েছে। এতে তিনি এখন নিজ বাড়িতে শুয়ে বসে সময় কাটাচ্ছেন।
সিপিবির এ প্রার্থীর ছেলে শেখ মো. নীরব জানান, প্রচারের শেষ দিন সোমবার সন্ধ্যা ৬টার দিকে ভোট প্রার্থনাকালে জেলার গজারিয়া উপজেলার হোসেন্দী বাজারের একটি দোকানের বাইরে পা পিছলে পড়েন তার বাবা। এতে পা ভেঙ্গে যায়। ইতোমধ্যে তার বাবার পায়ে প্লাস্টার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সিপিবির প্রার্থী শেখ মো. কামাল হোসেন তার ফেসবুক পেইজে এক পোস্টে লিখেন-হোসেন্দী বাজারে একটি দোকান থেকে সিড়ি দিয়ে নামার সময় হঠাৎ পড়ে গেছি। এতে আমার ডান পা ভেঙ্গে গেছে। আমি মুন্সীগঞ্জ-৩ আসনের সকল ভোটারের কাছে দোয়া চাচ্ছি।
