কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন। এঘটনায় ভোটার ও জনমনে আতঙ্ক বিরাজ করছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২০ গজ দূরে নেপিয়ার ঘাস ক্ষেত থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় ও ওসি মো. জামাল উদ্দিন জানান, বানিয়াকান্দি বাজার ঘেঁষে বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। বাজার ঘেঁষে স্থানীয় মতিন মাষ্টারের নেপিয়ার ঘাঁস খেত। সেখানে দুপুর ১২টার দিকে স্থানীয় রাজমিস্ত্রি ফরিদ খান প্রসাব করতে যান। সেসময় তিনি মুখ বাঁধা দুইটি ব্যাগ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানান। পরে তারা প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনী কর্মকর্তা ও সদস্যরা ছুটে আসেন এবং দুইটি ব্যাগ থেকে লাল টেপ পেঁচানো ১০টি বোম সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।
ওসি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরীক্ষা নিরীক্ষার জন্য বস্তুগুলো থানায় আনা হয়েছে। এ সংক্রান্ত আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কুমারখালী উপজেলা সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর তারিক জানান, যে কোন ধরনের অপরাধ ও নাশকতা ঠেকাতে সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে বদ্ধপরিকর।
স্থানীয় বাসিন্দা ও নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম সমন্বয়কারী কে এম আর শাহিন বলেন, ভোটে আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এমন অপকর্ম করেছে। এতে আতঙ্কিত এলাকাবাসী ও ভোটাররা। নিরাপত্তা আরও জোরদার করার দাবি তার।
