নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের চানন্দি ইউনিয়নের চম্পা ঘাট এলাকায় এনসিপির পোলিং এজেন্ট মো. ইসমাইলকে মারধরের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় উপজেলার বুড়িরচর ও সোনাদিয়া ইউনিয়নে এনসিপির প্রার্থী হান্নান মাসউদের কর্মী সমর্থকদের বাড়িঘরে হামলা ও দোকান লুটের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে ধানের শীষ প্রতীকের সমর্থক ছাত্রদলকর্মী ফারাবি ও ইয়াছিন আলি সুজন অতর্কিতভাবে এনসিপির পোলিং এজেন্ট মো. ইসমাইলকে মারধর করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ ডিসপেন্সারিতে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। পরে এনসিপির প্রার্থীর কর্মী সমর্থকদের একাধিক বাড়িতে হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা।
এ ঘটনায় ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, হাতিয়ার বুড়িরচর, সোনাদিয়া এবং চর ঈশ্বর ইউনিয়নে একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী সাধারণ মানুষের ওপর তা-ব চালাচ্ছে। যারা মূলত আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল, তারা এখন বিএনপির নাম ভাঙিয়ে ‘ধানের শীষ’ স্লোগান দিয়ে সাধারণ মানুষের বাড়িঘরে হামলা, লুটতরাজ ও গুলিবর্ষণ করছে। এতে হাতিয়ার মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, দুই দলের কর্মীদের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছে।
