কক্সবাজারের পেকুয়ায় কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
ভোট দিয়ে সাংবাদিকদেরকে সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের মুক্তিযোদ্ধারা যে প্রত্যাশায় রক্ত দিয়েছেন, আমাদের সন্তানের শহীদ হয়েছেন সে প্রত্যাশা-স্বপ্ন আকাশচুম্বী। গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫০মিনিটের দিকে পেকুয়ায় সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে তিনি ভোট দিয়ে বাইরে এসে সাংবাদিকদের এ সব কথা বলেন।
তিনি বলেন, ইতিহাসের বাক বদলানো শুরু হয়েছে। আমি লাইনে সবার শেষে দাঁড়িয়ে ভোট দিলাম। এখান সবাই এখন নিজের ভোটাধিকার নিয়ে সচেতন। এখন পর্যন্ত ভোটের পরিবেশে সুন্দর ও স্বাভাবিক রয়েছে।
সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, আমি আশঙ্কা একদম উঠিয়ে দিচ্ছি না, কয়েকটি জায়গা রিমোট এরিয়া, এখন অবশ্য রিমোট নেই আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটসহ সকলে একসঙ্গে সমন্বয়ে কাজ করছে দেখা যাক কি হয়।
এসময় তার সঙ্গে স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ ও ছেলে সাঈদ ইব্রাহিম আহমদও নিজ নিজ ভোট দেন।
