ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন কেন্দ্রে সহিংসতা, কেন্দ্র দখল, জালভোট ও পোলিং এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন।
তিনি বলেন, দেশের অনেক স্থানে প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে, কেন্দ্র দখলের চেষ্টা হয়েছে, পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। এ ছাড়া ব্যাপক জালভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এসব অনিয়ম বন্ধে প্রশাসনকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান এনসিপির এই নেত্রী। তিনি বলেন, কারচুপির মাধ্যমে কোনো দলকে ফলাফল এগিয়ে দেওয়া হলে জনগণ তা প্রতিহত করবে।
আজ ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হয়েছে। প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। এবারের নির্বাচনে পঞ্চাশটি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে।
