নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের আগে কেউ যেন ভোটকেন্দ্র না ছাড়েন-সবার প্রতি এমন আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। জামায়াত আমির লিখেছেন, ‘পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত কেউ ভোটকেন্দ্র ছাড়বেন না।’
আরেক পোস্টে তিনি লেখেন, গতকাল থেকেই আপনারা সকল গুজবকে পরাজিত করেছেন এবং ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্রকে প্রতিরোধ করেছেন। আজ সকাল থেকেই আপনারা উৎসবের মতো করে ভোট দিয়েছেন, ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে।
তবে দেশের বিভিন্ন স্থানে জাল ভোট দেওয়ার চেষ্টা ও কেন্দ্র দখলের অপতৎপরতার উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান লেখেন, কিন্তু, আমরা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি, দেশের বিভিন্ন জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টদের ওপর হামলা করে জখম করা হচ্ছে। নারীদের হেনস্তা করা হচ্ছে। বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের অপচেষ্টাও চালানো হচ্ছে।
এ অবস্থায় দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা দেশবাসীকে অনুরোধ করব, যেভাবে আপনারা এখন পর্যন্ত ভোট চুরি ও কেন্দ্র দখলের অপচেষ্টাকে প্রতিরোধ করেছেন, সেভাবেই ফলাফল আসার আগ পর্যন্ত আপনারা আপনাদের ভোটকে রক্ষা করুন। আপনার মূল্যবান ভোটটি যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, সে জন্য আপনারা ভোটকেন্দ্রগুলোর পাহারাদার হয়ে যান, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান লেখেন, আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনকে অনুরোধ করব, আপনারা এখন পর্যন্ত অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেছেন সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় রাখার জন্য। কিন্তু, আরও তড়িৎ পদক্ষেপ প্রয়োজন বলে দেশবাসী মনে করে।
জামায়াত আমির আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি, কেউ কেউ কেন্দ্র দখল, ব্যালট ছিনতাইয়ের ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রকে কঠোর হস্তে দমন করার উদাত্ত আহ্বান জানাই। জনগণের ভোটের আমানতকে রক্ষা করুন। জনগণের পাশে থাকুন।
