ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে জামানত হারিয়েছেন তিনবারের সংসদ সদস্য হওয়া জাতীয় পার্টির (জাপা) মনোনীত দলটির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম। তিনি ওই আসনে চতুর্থ, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে নির্বাচিত হয়েছিলেন।
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। সেটা না হলে জামানত বাবদ দেওয়া টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে।
ময়মনসিংহ-৮ আসনটিতে এবার বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা সানজিদা রহমানের ঘোষিত ফলাফল অনুযায়ী, ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু পেয়েছেন এক লাখ ৭ হাজার ৫৭৭ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোট প্রার্থী এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল পেয়েছেন ৪৫ হাজার ৭৯১ ভোট। এ আসনে মোট চার প্রার্থী ছিলেন। বিএনপি থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে নির্বাচনে অংশ নেওয়া শাহ নুরুল কবীর পেয়েছেন ৩২ হাজার ৭৩৪ ভোট। আর জাতীয় পার্টির ফখরুল ইমাম ভোট পেয়েছেন এক হাজার ৭১৯ ভোট।
ফখরুল ইমাম জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, তিনি সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৮৮ সালে প্রথম জাতীয় পার্টির মনোয়নে ময়মনসিংহ-৮ আসন থেকে ফখরুল ইমাম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা দুইবার এমপি ছিলেন আসনটিতে।
