জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছে, সেই অর্পিত দায়িত্ব বিএনপি আগামী ৫ বছর সঠিকভাবে পালন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ পলাশ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনে সঠিক ভোটটি দিয়েছে। তারা দেশপ্রেমিক ও জাতীয়তাবাদে বিশ্বাসী, বাংলাদেশের কল্যাণে ও উন্নয়নে যারা কাজ করেছে, অতীতে যারা প্রমাণ করেছে যে দলটি দেশের কল্যাণে কাজ করেছে মানুষ সেই দলটিকে বিজয়ী করে দেশ চালনার দায়িত্ব দিয়েছে।
আজ শুক্রবার দুপুরে নরসিংদী পলাশ উপজেলার চরনগরদী গ্রামে বাবা মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে আমরা উন্নয়নের দিকে নিয়ে যাব, বিশ্বের কাছে সম্মানজনক জায়গায় প্রতিষ্ঠিত করব। আমরা রাজনীতি করি জনগণের জন্য, ক্ষমতার জন্য নয়। গতকালের নির্বাচনে প্রমাণ হয়েছে বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে।
তিনি বলেন, এ নির্বাচনকে ঘিরে সামাজিক মাধ্যমে কতকিছু বলা হয়েছিল, অনেক জরিপ হয়েছে এই হবে সেই হবে, কত গল্পগুজব সামাজিক মাধ্যমে দেখেছি। কিন্তু দেশের মানুষ কিন্তু সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। দেশে যতবার রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, প্রত্যেকবার দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা রাজনৈতিকরা যখন ভুল করেছি, অর্থনীতিবিদরা যখন ভুল করেছি, আমাদের বুদ্ধিজীবিরা যখন ভুল করেছে, শিক্ষক সমাজ যখন ভুল করেছে, এলিট শ্রেণি যখন ভুল করেছে তখন বাংলাদেশের আপামর মানুষ ভুল করেনি।
পরে তিনি নেতাকর্মীদের সাথে নির্বাচনের বিজয়ী শুভেচ্ছা ব্যক্ত করেন এবং পলাশের উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় নরসিংদী জেলা বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা, পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপি প্রার্থী সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ৯২ হাজার ৩৫২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৫৫ হাজার ১৬১। তবে এ আসনে জামায়াত জোটের প্রার্থী মো. গোলাম সারোয়ার তুষার পেয়েছেন ১৯ হাজার ২৩৬ ভোট। ভোট কাস্ট হয়েছে ৫৫ ভাগ। মোট ভোটার ২ লাখ ৮৩ হাজার ৭৭৯ এবং ভোট কেন্দ্র ৯১টি।
