রাতের আধারে চুলা ভাঙচুর আতঙ্কে সংখ্যালঘু!

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৯ পিএম

পটুয়াখালীর দুমকিতে সংখ্যালঘু পরিবারের জীবিকার প্রধান অবলম্বন মুড়ি ভাজার তিনটি চুলা ভাঙচুর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণ পাঙ্গাসিয়া গ্রামে সাহা বাড়িতে এ ঘটনা ঘটে।

এসময় দুর্বৃত্তরা ফটিক সাহা ও ঝন্টু সাহার দুটি এবং অনিল ও অবিরাম সাহার একটি চুলা গুঁড়িয়ে দেয়। এ ঘটনায় সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ঘটনাস্থল পরিদর্শন করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.ফরিদা সুলতানা ও দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন। তারা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে নিরাপত্তার আশ্বাস দেন।

এ বিষয়ে ওসি বলেন, এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাইনি। মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটা নির্বাচন সংক্রান্ত বিষয় নয় স্থানীয় দ্বন্দ্বের কারণে কেউ ঘটিয়ে বলে ধারণা হচ্ছে। আমরা এটা নিয়ে কাজ করছি। অভিযুক্তদের খুঁজে বের করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে ৩০ জানুয়ারি রাতেও একই এলাকায় উত্তম সিলের দুটি ও শ্যামল সাহার একটি খড়ের গাদা আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ভুক্তভোগীরা জানান, রাতের আঁধারে কারা এসব ঘটাচ্ছে তা শনাক্ত করা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত