ভোট শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, গুণতে হচ্ছে বাড়তি ভাড়া

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটিতে আসা এসব কর্মজীবীরা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে ভিড় করছেন। তবে তাদের অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদের সামনে উপচে পড়া ভিড়ের পাশাপাশি যানজটও তৈরি হয়েছে। অনেকে আবার বাস না পেয়ে ট্রাক চড়ে করে গন্তব্যে উদ্দেশে রওনা দিয়েছেন।  

উপজেলার সোহাগি ইউনিয়নের বাসিন্দা মেহেদী হাসান পিকাআপভ্যানে করে রাজধানীর ঢাকায় নিজ কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। রবিবার থেকে তার অফিস খোলা। 

তিনি বলেন, অনেক মানুষ উৎসবমুখর পরিবেশে নিজ এলাকায় ভোট দিতে এসেছিলেন। আমিও অনেক কষ্ট করে ঢাকা থেকে বাড়িতে এসেছিলাম ভোট দিতে। ভোট দিয়ে খুব ভালো লেগেছে।  রবিবার থেকে আমার অফিসে ডিউটি করতে হবে। কিন্তু আমি একদিন আগেই চলে যাচ্ছি, কারণ এতদূর জার্নি করে অফিস করা কষ্টকর। শনিবার পরিপূর্ণ বিশ্রাম নিয়ে রবিবার থেকে অফিস করবো। তবে ফেরার পথে দ্বিগুণ ভাড়া নিচ্ছে চালকরা।

জীবনে প্রথমবার ভোট দিতে গ্রামের বাড়ি এসেছিলেন উপজেলার মাইজবাগ ইউনিয়নের বাসিন্দা মারজানা প্রীতি প্রিয়া। তিনি বলেন, আমি একটি কোম্পানিতে চাকরি করি। পরিবারে আমি ছাড়া আয় রোজগারের মতো আর কেউ নেই। বৃদ্ধ বাবা-মা ও ছোট এক ভাই বাড়িতে থাকে। আমি যা রোজগার করি তাতেই চলে সংসার। এবার ছুটিতে এসে জীবনে প্রথম ভোট দিয়েছি। খুব ভালো লেগেছে। কিন্তু যানবাহনে ভাড়া বেশি নিচ্ছে, এতে আমাদের মতো পেশার মানুষদের হিমশিম খেতে হচ্ছে। তবুও এখন ঠিকমতো কর্মস্থলে পৌঁছাতে পারলেই স্বস্তি।

বাস-পিকাআপভ্যান চালকরা জানান, সড়কে যাত্রীর চাপ বেশি তাই ভাড়াও একটু বেশি। 

নির্বাচন উপলক্ষে ঘোষিত বিশেষ ছুটিতে অন্যান্য শ্রেণিপেশার মানুষের পাশাপাশি কারখানার শ্রমিকেরাও বাড়িতে এসেছিলেন। তাদেরও অনেকেই আজ ফিরে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত