নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি ডুবুরি দল ডোবায় তল্লাশি চালিয়ে পিস্তলটি উদ্ধার করে।
আহত দুই ছিনতাইকারী হলেন- রাব্বি (২০) ও সাব্বির (১৫)। তারা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার রাজাকান্দা এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে। তারা দুপ্তারা ইউনিয়নের বাজবী হাজ্বীবাড়ি এলাকায় শফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে গাউছিয়া-আড়াইহাজার সড়কে এক রিকশাচালককে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে প্রায় ৮০০ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুই ছিনতাইকারী। রিকশাচালক চিৎকার করলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধরা পড়ার সময় ছিনতাইকারীরা তাদের কাছে থাকা পিস্তলটি পাশের একটি ডোবায় ফেলে দেয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড পিস্তলের গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রিপন কুমার সরকার জানান, আহত দুই ছিনতাইকারীকে আটক রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত