‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা আসিফ মাহমুদের

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে যুগান্তকারী এক পদক্ষেপ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা দেওয়া হয়েছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে যুক্ত করেছে নতুন মাত্রা।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই নতুন উদ্যোগের কথা জানান। তিনি তার পোস্টে উল্লেখ করেন, দেশের সার্বিক কার্যক্রমে একটি কার্যকর ‘ওয়াচডগ’ হিসেবে কাজ করার লক্ষ্য নিয়েই তারা এই ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন।

আসিফ মাহমুদের ভাষ্য অনুযায়ী, সরকারের প্রতিটি পদক্ষেপের ওপর তীক্ষ্ণ নজরদারি এবং গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দেওয়ার জন্য এমন একটি কাঠামো থাকা অত্যন্ত জরুরি। মূলত রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অধিকতর স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং জনগণের কাছে শাসনের জবাবদিহিতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সরকারকে জবাবদিহি করার জন্য সরকারের বিপরীতে বিরোধী দলও একটি মন্ত্রিসভা গঠন করে। এটিকে বলা হয় ছায়া মন্ত্রিসভা (শ্যাডো কেবিনেট)। এই কাঠামোতে সাধারণত সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের জন্য বিরোধী দল একজন ‘ছায়া মন্ত্রী’ মনোনয়ন করে। এসব মন্ত্রী সরকারের নীতি ও বাজেট বিশ্লেষণ, সমালোচনা এবং প্রয়োজনে বিকল্প নীতি বা পরিকল্পনা প্রস্তাব করার দায়িত্ব পালন করে। 

ছায়া মন্ত্রিসভার প্রচলন মূলত যুক্তরাজ্যের ‘ওয়েস্টমিনস্টার’ ধারার সংসদীয় ব্যবস্থায়। এছাড়া অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের মতো উন্নত গণতান্ত্রিক দেশেও এ ব্যবস্থা কার্যকর আছে।

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এখনো ছায়া মন্ত্রিসভা গঠিত হয়নি। প্রচলিত কাঠামোয় এটি কোনো সাংবিধানিক বাধ্যবাধকতার আওতাভুক্ত নয়। তবে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে বিশেষজ্ঞরা বিভিন্ন সময় ছায়া মন্ত্রিসভা গঠনের ওপর গুরুত্বারোপ করে আসছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত