চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় ককটেল বোমা তৈরির সময় বিস্ফোরণে ২ জন নিহতের ঘটনায় দায়ের মামলায় এজাহারনামীয় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চরবাগডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- চরবাগডাঙ্গার ফাটাপাড়ার চান মোহাম্মদের ছেলে ইউসুফ (৪৫) ও গোঠাপাড়ার ফজর আলীর ছেলে শাকিল (৩৭)।
এর আগে বিস্ফোরণে আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফাটাপাড়ার নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান (২০), জেনারুল ইসলামের ছেলে মিনহাজ (২২) ও রানীহাটি উপরধুমি গ্রামের রফিজুল ইসলামের ছেলে শুভকে গ্রেপ্তার দেখানো হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, শনিবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরক আইনে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সদর মডেল থানার উপ-পরিদর্শক বেলাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
স্থানীয়রা জানায়, নির্বাচনের পর এলাকায় আধিপত্যবিস্তারের জন্য বিবদমান পক্ষ ককটেল বোমা তৈরি করার সময় হটাৎ বিস্ফোরণে দুই কিশোর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কুথনিপাড়ার মুনিরের ছেলে জিহাদ (১৭) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ধামারমোড়ের মোয়াজ্জেম হোসেনের ছেলে আলামিন (১৭) নিহত হন।
পুলিশ সূত্র জানায়, নিহত দুই কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত বজলুর রহমান, মিনহাজ ও শুভ পুলিশের নজরদারিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
