৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় বড় স্বস্তি পেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব । নির্দিষ্ট অঙ্কের অর্থ জমা দেওয়ার পর দিল্লি হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছে। সর্বশেষ কিস্তিতে ১.৭৫ কোটি টাকা জমা দেন তিনি। এর আগে ৭৫ লক্ষ টাকা শোধ করেছিলেন। সব মিলিয়ে আদালতের নির্দেশ মেনে মোট ২.৫ কোটি টাকা জমা পড়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লি হাইকোর্ট আজ সোমবার দুপুর ৩টা পর্যন্ত সময় দিয়েছিল রাজপাল যাদবের আইনজীবীকে, অন্তর্বর্তীকালীন জামিনের জন্য প্রতিপক্ষের নামে ১.৫ কোটি টাকার ডিমান্ড ড্রাফট (ডিডি) জমা দেওয়ার জন্য। আদালত বলেছিল, ‘আজ দুপুর ৩টার মধ্যে জমা দিলে আপনাকে মুক্তি দেওয়া হবে। না হলে আমরা বিষয়টি আগামীকাল সকালে শুনানি করব।’ মামলাটি দুপুর ৩টা পর্যন্ত মুলতবি রাখা হয়েছিল। অবশেষে জামিন পেলেন রাজপাল।
দীর্ঘদিনের এই ঋণসংক্রান্ত মামলায় আদালতের নির্দেশে গত ৫ ফেব্রুয়ারি দিল্লির তিহাড় জেলে আত্মসমর্পণ করেন রাজপাল। শেষ মুহূর্তে আরও সময় চেয়ে জামিনের আবেদন করলেও তা খারিজ করে দেয় আদালত। বিচারপতি তার বারবার প্রতিশ্রুতি ভঙ্গের আচরণে অসন্তোষ প্রকাশ করেছিলেন।
আইনজীবী ভাস্কর উপাধ্যায়ের দাবি, মূল ঋণের পরিমাণ ছিল ৫ কোটি টাকা। তবে সুদ, জরিমানা ও অন্যান্য খরচ যোগ হয়ে তা বেড়ে প্রায় ৯ কোটিতে পৌঁছায়। বকেয়া শোধ করতে একাধিক চেক ইস্যু করলেও সেগুলো বাউন্স হওয়ায় ‘নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট’-এর অধীনে ফৌজদারি মামলা রুজু হয়।
২০১২ সালে পরিচালনায় নাম লেখান রাজপাল, পরিচালিত প্রথম ছবির নাম 'আতা পাতা লাপাতা' । তবে ছবিটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় আর্থিক চাপ ক্রমশ বাড়তে থাকে বলে জানা যায়। সেই দেনাই পরবর্তীতে আইনি জটিলতায় রূপ নেয়। অভিনেতার আত্মসমর্পণের পর বলিউডের একাধিক তারকা তার পাশে দাঁড়ান।
পুলিশের গুলিতে দিনমজুর গুলিবিদ্ধ, উদ্বিগ্ন পরিবার
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে বিড়ালের দায়িত্ব
ক্যালিফোর্নিয়ায় নিখোঁজের ছয় দিন পরে ভারতীয় ছাত্রের মরদেহ উদ্ধার
সন্ধ্যায় নির্বাচিত এমপিদের সঙ্গে মতবিনিময় করবেন জামায়াত আমির