বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার করেছেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) তারেক রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাক্ষাৎ পরবর্তী সময়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম আরও বলেন, আমরা তারেক রহমানের সব ভালো কাজের সঙ্গে থাকবো। যদি ইসলাম ও দেশ বিরোধী কাজ করে তাহলে প্রতিবাদ করবো। আমাদের মধ্যকার আলোচনা অনেক ফলপ্রসূ হয়েছে।
উচ্চকক্ষ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আলোচনা বিএনপি চেয়ারম্যানের কাছে উচ্চকক্ষ গঠনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান ইসলামী আন্দোলনের আমির।
দুই নেতার আলোচনায় জুলাই সনদের প্রসঙ্গে তিনি বলেন, আমরা বলেছি এটা আমাদের কল্যাণের জন্য করা হয়েছে। বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখবেন। তখন বিএনপি মহাসচিব বলেছেন ‘অনেক জায়গায় আমাদের নোট অব ডিসেন্ট রয়েছে, এটা আমরা পার্লামেন্টে দেব; পার্লামেন্টে যদি পাস হয়, তাহলে সেটা আমরা বাস্তবায়ন করব’।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ৪৫ মিনিট আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে দুই দলের শীর্ষ নেতার মধ্যে। দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে আজকে তারেক রহমান নজির স্থাপন করেছেন।
তিনি বলেন, তারেক রহমান আন্তরিকতার পরিচয় দিয়েছেন, দেশ গঠনে সহযোগিতা চেয়েছেন তিনি।
গাজী আতাউর রহমান আরও বলেন, যদি জনবিরোধী, দেশবিরোধী বা ইসলামবিরোধী কাজ করে, তাহলে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবো। যদি তা না হয়, তাহলে আমরা প্রতিবাদ করবো।
