চবি সিন্ডিকেটের সদস্য হলেন অধ্যাপক মনজুরুল কিবরীয়া

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৭ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের সদস্য হিসেবে মনোনয়ন পেলেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়া। 

চলতি মাসের ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি তাকে সিন্ডিকেট সদস্য হিসেবে নিয়োগ দেন। গতকাল আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র পেয়েছেন বলে জানান অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া। 

শিক্ষা মন্ত্রণালয়ের প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চ্যান্সেলর ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ২৫ (১) এর ঘ এবং ২৫ (৩) এর ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়াকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী দুই বছর তিনি সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। 

সিন্ডিকেট সদস্যদের নিয়ে কী বলা হয়েছে বিশ্ববিদ্যালয় আইনে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন-১৯৭৩ এর ২৫ নং অনুচ্ছেদে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেট গঠনের বিষয়ে বলা হয়েছে। এই ধারার ১নং ধারার (ঘ) এ বলা হয়েছে, সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের আচার্য (রাষ্ট্রপতি) মনোনীত তিনজন ব্যক্তি থাকবেন। 

একই অনুচ্ছেদের ৩নং ধারায় সিন্ডিকেট সদস্যদের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে। এই আইন অনুযায়ী, সিন্ডিকেট সদস্যদের কার্যকাল হবে দুই বছর। কিন্তু তাদের উত্তরসূরী নির্বাচিত বা মনোনীত হয়ে কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাদের কার্যকাল অব্যাহত থাকবে। আইনে আরও উল্লেখ রয়েছে, তবে শর্ত থাকে যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সিনেট প্রতিনিধিগণ এবং সরকার মনোনীত ব্যক্তিগণের কার্যকাল ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত তাঁরা তদ্রূপ শিক্ষক, সদস্য এবং কর্মকর্তা হিসেবে বহাল থাকবেন।

জানতে চাইলে অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হওয়াতে আমি বেশ খুশি হয়েছে। কিন্তু এটি একটি গুরু দায়িত্ব। আমি সততা ও নিষ্ঠুরের সাথে এই দায়িত্ব পালন করবো। আমার কাজের মাধ্যমে আমি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখবো।

তিনি আরও বলেন, আমি মূলত একাডেমিয়ার মানুষ। আমার গবেষণা ও লেখালেখির জগত সবচেয়ে বেশি পছন্দের। আমি ক্লাস করাতে ভালোবাসি। শিক্ষার্থী ও গবেষণার কাজে আমি সবসময় মনোযোগী। সিন্ডিকেট সদস্যদের মতো দায়িত্ব আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দায়িত্বের মধ্যে দিয়ে আমি বিশ্ববিদ্যালয়ের সম্মান বৃদ্ধিতে কাজ করবো।

অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদের স্থলাভিষিক্ত হন। ২০২৫ সালের ৮ অক্টোবর স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও গবেষক অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুতে চবি সিন্ডিকেটের চ্যান্সেলর মনোনীত তিনটি পদের মধ্যে একটি পদ শূন্য হয়। ফলে দীর্ঘ চার মাস পর চ্যান্সেলর মনোনীত সিন্ডিকেট সদস্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়া। 

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের এই অধ্যাপক হালদা নদী গবেষক। তিনি শ্রীলঙ্কার কলম্বোর কেলানিয়া বিশ্ববিদ্যালয়ে গেল বছরের ৮-৯ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক নদী কংগ্রেসে ‘Best River Scientist Award 2024’ এ ভূষিত হন। এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে তিনি দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রকৃতি সংরক্ষণ পদক লাভ করেন। চ্যানেল আইয়ের ‘চেতনা চত্বরে’ তাঁর হাতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০২৩ পদক তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত