মন্ত্রী- প্রতিমন্ত্রী হচ্ছেন সিরাজগঞ্জের মামা-ভাগ্নে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ ও ৬ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ও এম এ মুহিত নতুন মন্ত্রীসভার মন্ত্রী- প্রতিমন্ত্রী হিসাবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মো: শাহাবুদ্দিন পৃথক ভাবে সকল মন্ত্রী-প্রতিমন্ত্রীর সাথে তাদেরও শপথ বাক্য পাঠ করান। 

জানা যায়, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এম এ মুহিত সম্পর্কে মামা-ভাগ্নে। এর মধ্যে ইকবাল হাসান মাহমুদ টুকু মামা ও এম এ মুহিত ভাগ্নে হন। এর আগে তারেক রহমানের মন্ত্রীসভায় যোগ দিতে মঙ্গলবার সকালে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে তাদের ফোন করা হয়। 

টুকু এর আগেও খালেদা জিয়ার সরকারে ছিলেন। ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ বার সহ তৃতীয়বারের মত সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। তার ভাগ্নে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এম এ মুহিত সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে এবার প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এরশাদ সরকারের উপ-প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী চক্ষু বিশেষজ্ঞ এম এ মতিনের ছেলে।

সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের তরফ থেকে জানা যানা গেছে, এবারও টুকু বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

অপরদিকে তার ভাগ্নে এম এ মুহিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন।

মঙ্গলবার সকালে সংসদে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা ইতোমধ্যে শপথ নিয়েছেন। বিকালে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ নেন। এর আগে সিরাজগঞ্জ থেকে একাধিক ব্যক্তি মন্ত্রী হলেও এবারই প্রথম একসঙ্গে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পেলেন উত্তরের জেলা সিরাজগঞ্জ।

এলাকায় এ খবর ছড়িয়ে পড়ার পর সিরাজগঞ্জ ও শাহজাদপুরে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের অভিনন্দন জানাচ্ছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত