মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জের ধরে রিনা রানী পাল (৩১) নামে এক সন্তানের জননী বিষপান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানে এ ঘটনা ঘটে। নিহত নারী কুরমা চা বাগানের বাসিন্দা এবং স্থানীয় কুরমা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুনীল কুমার পালের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে প্রথম দফায় ঝগড়া হয়। পরদিন মঙ্গলবার সকালেও আবার তাদের মধ্যে কথা কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে রিনা রানী পাল বাথরুমে গিয়ে চা বাগানে ব্যবহৃত বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পারিবারিক কলহের কারণেই রিনা রানী পাল আত্মহত্যা করেছেন।’
কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’