টোকিওতে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন 'দুজুয়ান'

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পিএম

জাপানের পূর্বাঞ্চলের দিকে ধেয়ে আসা শক্তিশালী টাইফুন দুজুয়ানের প্রভাবে ইজু দ্বীপপুঞ্জ ও কানতো অঞ্চলে ভারী বৃষ্টি শুরু হয়েছে। কয়েকটি এলাকায় সতর্কতা ও সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। ভূমিধস, আকস্মিক বন্যা, নদীর পানি উপচে পড়া ও প্রবল বাতাসের আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। খবর জাপান টাইমসের। 

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে টাইফুনটি হাচিজোজিমার প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছিল এবং ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে উত্তর-পূর্ব দিকে এগোচ্ছিল। এর কেন্দ্রে বায়ুচাপ ছিল ৯৬০ হেক্টোপাসকাল। আগের ২৪ ঘণ্টায় ইজু ওশিমায় ৫৬৫ মিলিমিটার এবং চিবার কিমিৎসুতে ২৭৯ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত টোকাই, কানতো ও ইজু দ্বীপপুঞ্জে আরও ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। 

ঝড়ের কারণে জাপানের বিমান ও রেল যোগাযোগও ব্যাহত হয়েছে। জাপান এয়ারলাইনস ১২০টি এবং অল নিপ্পন এয়ারওয়েজ ১৪০টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে। চিবা, ইবারাকি ও পশ্চিম টোকিওর কয়েকটি রেলপথেও ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

সিলভার উইক ছুটির মধ্যেই টাইফুনটি আঘাত হানায় বিভিন্ন অনুষ্ঠানও বাতিল হয়েছে। ‘রক ইন জাপান’ উৎসবের সোমবারের কনসার্ট এবং ‘টোকিও গেম শো’-এর দিনের কর্মসূচি বাতিল করা হয়েছে। এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানেও দর্শক উপস্থিতি কম ছিল। আবহাওয়া সংস্থা জানিয়েছে, বুধবার পর্যন্ত চলা ছুটির সময়ে টাইফুনের প্রভাবে জাপানের বিভিন্ন এলাকায় আরও ভারী বৃষ্টি ও ঝড়ো আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত