ষড়যন্ত্র করে পেঁয়াজের জমিতে পচনশীল ঔষধ প্রয়োগের অভিযোগ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম

মুকসুদপুর উপজেলাতে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে পেঁয়াজের জমিতে পচনশীল রাসায়নিক প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ও ভাড়াকৃত জমিতে চাষ করা পেঁয়াজ চাষিরা।

ভুক্তভোগীদের অভিযোগ, পার্শ্ববর্তী সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের কয়েকজন কৃষক মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ও পশারগাতী ইউনিয়নের সুরুপী মৌজায় প্রায় ১০–১৫ একর জমি লিজ নিয়ে পেঁয়াজ চাষ করেন। শুরুতে জমিতে ভালো ফলন দেখা গেলেও কয়েক দিন আগে রাতের আঁধারে কেউ বা কারা প্রায় ৮–৯ বিঘা জমিতে গোড়া পচন ধরানো ওষুধ ছিটানো হয় বলে অভিযোগ করেন পেঁয়াজ চাষিরা। এর পর থেকেই গাছ ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করেছে।

এর ফলে উৎপাদন ব্যহত হওয়ার পাশাপাশি আর্থিকভাবে বড় ক্ষতির আশঙ্কায় পড়েছেন চাষিরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আজাদ ফকিরের ছেলে জাহিদ ফকির পশারগাতী ইউনিয়নের হাকিমপুর গ্রামের হান্নু শেখকে বিবাদী করে মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে মুকসুদপুর উপজেলা কৃষি অফিসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিজানুর রহমান ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করে জানান, মাঠে সম্ভবত ‘প্যারাকুয়েট’ নামক আগাছানাশক প্রয়োগ করা হয়েছে। এতে ধীরে ধীরে পিয়াজ গাছ শুকিয়ে মারা যাবে এবং ফলন সম্পূর্ণ নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে।

তিনি আরও বলেন, ক্ষতি কমাতে কারবেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক দুই দিন পরপর স্প্রে, কুইক পটাশ প্রয়োগ এবং গাছ কিছুটা রিকভার করলে পিজিআর স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত