শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচের রেশ কাটতে না কাটতেই নতুন এক বিতর্কের জন্ম হয়েছে। তবে এবার মাঠের ক্রিকেট নয়, বরং রাজনীতির মাঠ থেকে আসা এক চমকপ্রদ তথ্য ফাঁস করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি জানিয়েছেন, পাকিস্তানের ভারত বয়কটের হুমকি সত্ত্বেও শেষ পর্যন্ত মাঠে নামার পেছনে ‘আসল নায়ক’ হলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে।ম্যা
চের পর কলম্বোয় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সাথে সাক্ষাৎ করেন পিসিবি প্রধান মহসিন নাকভি। সেখানে তিনি অকপটে স্বীকার করেন যে, লঙ্কান প্রেসিডেন্টের একটি ফোন কলেই পাল্টে গিয়েছিল পাকিস্তানের বয়কটের সিদ্ধান্ত।
বাংলাদেশকে বিশ্বকাপে অংশগ্রহণে বাধা দেওয়া এবং ভারতের ওপর আইসিসির ‘ডাবল স্ট্যান্ডার্ড’-এর প্রতিবাদে পাকিস্তান প্রথমে এই ম্যাচটি বয়কট করার কড়া হুমকি দিয়েছিল। নাকভি জানান, "আমাদের ভারত ম্যাচে খেলা নিয়ে বেশ কিছু গুরুতর ইস্যু ছিল। কিন্তু শ্রীলঙ্কার প্রেসিডেন্ট যখন আমাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ফোন করলেন, সব সমস্যার সমাধান হয়ে গেল। প্রধানমন্ত্রী আমাকে ফোন করে বললেন— আর কোনো কথা নয়, আমাদের ম্যাচটি খেলতেই হবে।"
নাকভি প্রেসিডেন্ট দিসানায়েকেকে উদ্দেশ্য করে বলেন, "আপনিই এই ম্যাচের আসল নায়ক। আপনার কারণেই বিশ্বের ২০০ কোটি মানুষ এই বিনোদন উপভোগ করতে পেরেছে। শ্রীলঙ্কা এবং পাকিস্তান সবসময় কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়িয়েছে, এটি তার আরেকটি প্রমাণ।"
দীর্ঘ নাটকের পর ম্যাচটি হলেও মাঠের লড়াইয়ে পাকিস্তান সুবিধা করতে পারেনি। গত রবিবারের সেই ম্যাচে ইশান কিশানের বিধ্বংসী ৭৭ রানের (৪০ বল) ইনিংসে ভর করে ভারত ১৭৫ রান তোলে। জবাবে ভারতীয় বোলারদের তোপে পাকিস্তান মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায় এবং ৬১ রানে হার মেনে নেয়।
