নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। গতকাল বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান তিনি। এ সময় তারা শুভেচ্ছা বিনিময় করেন।
রেওয়াজ ভেঙে বঙ্গভবনের বদলে এবারের শপথ অনুষ্ঠান হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বিকাল ৪টায় জাতীয় সংগীত এবং তারপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান প্রত্যক্ষ করেন ড. মুহাম্মদ ইউনূস।
নিয়ম অনুযায়ী তারেক রহমান প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনের এবং তারপর গোপনীয়তার শপথ নেন। সব শেষে তিনি শপথের নথিতে স্বাক্ষর করেন।
এরপর নতুন মন্ত্রীদের পর্যায়ক্রমে শপথ এবং গোপনীয়তার শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সবশেষে প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করে তাদের শপথগ্রহণের জন্য আহ্বান জানিয়ে মঞ্চে ডাকেন মন্ত্রিপরিষদ সচিব। প্রতিমন্ত্রীদের শপথ এবং শপথে স্বাক্ষরের পর অনুষ্ঠান শেষ হয়।
এদিকে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নিয়োগের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে জানিয়ে গত রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। অন্যদিকে আলাদা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন।
