৪৭ বছর পর পিরোজপুরবাসী পেল বিএনপির নিজ দলের মন্ত্রী 

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম

জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

প্রথম বার ভোটে দাঁড়িয়েই এমপি নির্বাচিত হয়ে বাজিমাত করার পাশাপাশি এবারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মত একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের। এর ফলে দীর্ঘ ৪৭ বছর পরে বিএনপি দলীয় কোন মন্ত্রী পেল পিরোজপুর জেলাবাসী। 

এর আগে ১৯৭৯ সালে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় বন ও কৃষি মন্ত্রণালয় দায়িত্ব পেয়েছিলেন পিরোজপুরের সন্তান নুরুল ইসলাম শিশু। তবে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন পিরোজপুর ও বরিশাল জেলার (নেছারাবাদ-বানারীপাড়া) দুটি উপজেলা নিয়ে গঠিত এ আসনে বিএনপি থেকে নির্বাচিত এমপি শহিদুল হক জামাল হুইপ হিসেবে (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) দায়িত্ব পালন করেছেন।

আহম্মদ সোহেল মনজুর এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে অংশ নিয়ে তিনি ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট পেয়ে সাঈদীপুত্র শামীম সাঈদীকে পরাজিত করে বিজয়ী হন।

আহম্মদ সোহেল মনজুর মুক্তিযুদ্ধের নবম সেক্টরের বেসামরিক প্রধান ও সাবেক প্রতিমন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর সন্তান এবং ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি। তার বাবা নুরুল ইসলাম মঞ্জুর শেখ মুজিবুর রহমান ও খন্দকার মোশতাক  সরকারের প্রতিমন্ত্রী ছিলেন। তবে পরবর্তীতে তিনি বিএনপিতে যোগদান করে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারীর নির্বাচনে এমপি হয়। এছাড়াও তিনি ২০০১ ও ২০০৮ সালে বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচন করে আনোয়ার হোসেন মঞ্জুর কাছে পরাজিত হন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরে প্রাথমিক প্রতিক্রিয়ায় সোহেল মনজুর বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও সুশাসনই উন্নয়নের মূল চাবিকাঠি। জনগণের অর্থ জনগণের উন্নয়নেই ব্যয় করা হবে।

এদিকে, আহম্মদ সোহেল মনজুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে তার নির্বাচনী এলাকাসহ পুরো জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত এ জেলায় নতুন দায়িত্বে তিনি এলাকার ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রমসহ সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবেন।

কাউখালী উপজেলা বিএনপির সভাপতি আহসান কবির বলেন, স্বাধীনতার পরে পিরোজপুর-২ আসনে এবারই প্রথম আমাদের দলের এমপি পেলাম। যদিও মাঝখানে ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে সামান্য কয়েকদিনের জন্য এ আসনে আমরা ধানের শীষের এমপি পেয়েছিলাম। 

তিনি বলেন, ১৯৭৯ সালে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় নুরুল ইসলাম শিশু মন্ত্রণালয়ে এই প্রথম আমাদের আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আহম্মদ সোহেল মঞ্জুর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মত একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। 

আহসান কবির আরও বলেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত বিচক্ষণ মানুষ। তাই তিনি সুমন মঞ্জুরের মত একজন তরুণ, মেধাবী ও সৎ রাজনীতিবিদকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। এজন্য দলের চেয়ারম্যান এর কাছে আমরা কৃতজ্ঞ।

জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক ও কালের কন্ঠের যুগ্ম সম্পাদক সাংবাদিক সাইদ খান বলেন, বিএনপি'র চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারে প্রবীণ ও নবীনদের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করেছেন। সেখানে পিরোজপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য সোহেল মঞ্জুরের মত একজন তরুণ ও মেধাবী রাজনীতিবিদের অন্তর্ভুক্ত হওয়া জেলাবাসীর জন্য গর্বের। আশা করি সততা ও দক্ষতার সহিত তিনি গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়টি পরিচালনা করবেন।

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, জেলার তিনটি সংসদীয় আসনের দুটিতে বিএনপি জয়লাভ করেছে। পাশাপাশি দীর্ঘদিন পর পিরোজপুর থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের  একজন এমপি মন্ত্রিসভায় স্থান পাওয়া বাড়তি আনন্দের। এতে উন্নয়ন বঞ্চিত এ জেলাবাসীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে এবং জেলার নেতার্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসাহ-উদ্দীপনা।

তিনি আরও বলেন, আমরা জেলা বিএনপির পক্ষ থেকে নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত