ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার একটি পরিত্যক্ত গার্ভেজ ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের কারণ সম্পর্কে তারা কিছু বলতে পারেনি ফায়ার সার্ভিস।
জানা গেছে, ট্রাফিক রানিং রুমসংলগ্ন একটি জায়গায় পৌরসভার গাড়ির গ্যারেজ রয়েছে। এর পেছনে আরেকটি জায়গায় পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা থাকতেন। সেখানেই একটি পরিত্যক্ত পিকআপ ভ্যানে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা সংশ্লিষ্টদের অবহিত করেন। পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর ইসলাম জানান, গাড়িটি অকেজো গার্ভেজ ট্রাক। তিনি জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। তারা এসে আগুন নেভায়। তবে অগ্নিকান্ডের ঘটনা কিভাবে ঘটেছে, বিষয়টি এখনো নিশ্চিত নয়।
