নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম

নওগাঁয় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও স্লোগান দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার দিনের যেকোনও সময়ে নওগাঁ শহরের সরিষাহাটির মোড় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।

আওয়ামী লীগ নেতাকর্মীদের পতাকা উত্তোলন, স্লোগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজে পোস্ট করা হয়। তাছাড়া নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শফিকুর রহমান আজ দুপুরে তার ফেসবুক অ্যাকাউন্টে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও স্লোগানের একটি ভিডিও পোস্ট করেন।

ভিডিওতে দেখা যায়, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শফিকুর রহমান, মান্দা উপজেলা ছাত্রলীগের সাগরসহ আরও ৪ জন জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানসহ বিভিন্ন স্লোগান দিচ্ছে।

জেলা আওয়ামী লীগের কার্যালয়ের আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়র জানান, বৃহস্পতিবার সকাল থেকেই জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে স্ট্যান্ডে পতাকা টাঙানো হয়। পরে দুপুরে কয়েকজন পুলিশ সদস্য এসে পতাকাগুলো খুলে ফেলেন।

নওগাঁ সদর থানার ওসি নিয়ামুল হক জানান, বৃহস্পতিবার ভোরের কোনও এক সময় আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। ঘটনাটি নজরে আসার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভিডিও দেখে যারা এ কাজ করেছে তাদের সনাক্তের চেষ্টা চলছে। আর যাদের পরিচয় পাওয়া গেছে তাদের পুলিশ খুঁজছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত