টাঙ্গাইলের কালিহাতীতে জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে শহিদুল ইসলাম মন্ডল (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শহিদুল ইসলাম মন্ডল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চরহামজানী গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চরহামজানী গ্রামের জাহাঙ্গীর আলম বিএম কলেজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে পটল বাজার থেকে বাড়ি ফিরছিলেন শহিদুল ইসলাম মন্ডল। এ সময় একই গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে ইউসুফ আলী (মেকার) জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ করা হয়।
পরে শহিদুল ইসলাম মন্ডলের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কালিহাতী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো.কাইয়ুম খান সিদ্দিকী জানান, জমিসংক্রান্ত বিষয় নিয়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে একা পেয়ে দুর্বৃত্তরা শহিদুল ইসলাম মন্ডলকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। লাশের ময়নাতদন্ত করা হচ্ছে।