ছিনতাইকারীর কবলে পড়া আনন্দমোহন কলেজ শিক্ষার্থী নিখোঁজ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম

ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদের চরে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন আনন্দ মোহন কলেজের দুই শিক্ষার্থী। প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে গিয়ে একজন নিরাপদে ফিরলেও নুরুল্লাহ শাওন (২৫) নামের আরেক শিক্ষার্থী ২৪ ঘণ্টার বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নগরীর জয়নুল আবেদীন সংগ্রহশালার বিপরীত পাশে ব্রহ্মপুত্র নদের চরে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশের একাধিক টিম নদ ও চরজুড়ে তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পায়নি।

নিখোঁজ নুরুল্লাহ শাওন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা শাহজাহান মিয়ার ছেলে এবং আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী।

নিখোঁজ শাওনের স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শাওন ও তার বন্ধু রিফাত ব্রহ্মপুত্র নদের চরে ঘুরতে যান। অন্ধকার নেমে এলে সাত সদস্যের একটি ছিনতাইকারী দল তাদের ঘিরে ধরে টাকা দাবি করে। নৌকা ভাড়া ছাড়া তাদের কাছে কোনো টাকা না থাকায় ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে রিফাতকে থাপ্পড় মেরে মোবাইল ফোন দিতে বলা হয়। শাওন প্রতিবাদ করলে গাছের ডাল দিয়ে দুজনকে এলোপাতাড়ি মারধর করা হয়। প্রাণ বাঁচাতে তারা দুই দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। রিফাত সাঁতার জানায় নদীর দিকে দৌড়ে গিয়ে দুইজন বালুশ্রমিকের কাছে আশ্রয় নেন। শ্রমিকরা এক ছিনতাইকারীকে ধরে ফেলেন। পরে পুলিশ এসে তাকে আটক করে এবং রিফাতকে উদ্ধার করে। তবে শাওন নদীতে ঝাঁপ দিয়েছেন নাকি অন্যদিকে দৌড়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, খবর পেয়ে রাতেই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে। রাতে কোনো সন্ধান না মেলায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে আবারও ডুবুরি দল নদীতে অনুসন্ধান চালায়, তবে বিকাল পর্যন্ত শাওনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার তরুণ-উর-রশিদ গণমাধ্যমকে বলেন, শাওন নদীতে নেমেছেন নাকি অন্যদিকে দৌড়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। দিনের অভিযান শেষে কার্যক্রম স্থগিত করা হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে আনন্দ মোহন কলেজের সামনে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল সাকিব জানান, উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্তের স্বার্থে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত