টু ক রো  খ ব র

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ এএম

ঈদে শুভর ‘জ্যাজ সিটি’

অবশেষে মুক্তি পাচ্ছে চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’। শুরুতে ৬ ফেব্রুয়ারির কথা জানান দিলেও হলেও পরে ঈদ উপলক্ষে ১৯ মার্চ সিরিজটির মুক্তির তারিখ নির্ধারণ করে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ। জ্যাজ সিটি সিরিজের প্রেক্ষাপট ১৯৭১ সালের কলকাতা শহর। তখন রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। তবে ওই প্রতিকূল সময়ের ছাপ পড়েনি পার্ক স্ট্রিটে অবস্থিত জ্যাজ ক্লাব নামের এক নাইটক্লাবে। নিয়ম করে প্রতি রাতেই সেখানে বসে নাচ-গানের আসর। তবে ঘটনা দ্রুতই মোড় নেয় রাজনৈতিক পরিস্থিতির দিকে। সৌমিক সেন রচিত ও পরিচালিত এ সিরিজে সেই সময়ের ভারত-পাকিস্তানের দ্বন্দ্বই দেখানো হয়েছে মোটাদাগে। গুরুত্বপূর্ণ হয়ে উঠে এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটও। সনি লিভ

কর্র্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজনৈতিক এ থ্রিলার ‘জ্যাজ সিটি’ মুক্তি পাবে হিন্দি ও ইংরেজি সংস্করণের পাশাপাশি বাংলায়। এটিই হবে প্ল্যাটফর্মটিতে মুক্তি পাওয়া প্রথম বাংলা ভাষার কোনো সিরিজ।  আরিফিন শুভ বলেন, ‘জ্যাজ সিটি একটি বহুমাত্রিক গল্প, যেখানে শুধু সংলাপ নয়, সংগীতও গল্প বলে। চরিত্রের অনুভূতি ও পরিস্থিতি সংলাপের বাইরে ফুটে ওঠে।

দুই সিনেমায় সায়রা

বিরতি ভেঙে একসঙ্গে দুই সিনেমা নিয়ে দর্শকের সামনে আসছেন তরুণ অভিনেত্রী সায়রা আক্তার জাহান। একটির নাম ‘বিশ্বাস করেন ভাই’ অন্যটির ‘ট্রাইব্যুনাল’। রাইসুল ইসলাম অনিক পরিচালিত ‘বিশ্বাস করেন ভাই’ ব্ল্যাক মানিকে কেন্দ্র করে নির্মিত কমেডি-সাসপেন্সধর্মী গল্প। ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর প্রিমিয়ার হয়। শিগগিরই ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করা হবে। অন্যদিকে রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ একটি কোর্টরুম ড্রামা, যেখানে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতনের একটি ঘটনার প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি শুরু করেছিলেন সায়রা। এ কারণে অভিনয়ে একেবারে অনিয়মিত হয়ে পড়েন তিনি। পরে বিরতি নেন চাকরি থেকে। সায়রা বলেন, ‘সত্যি বলতে চাকরি করার কারণে চাইলেও অভিনয়ে নিয়মিত হতে পারছিলাম না। এখন চাকরি থেকে বিরতি নিই। আমি সব সময়ই চেয়েছি ভিন্নরূপে দর্শকের সামনে আসতে। এখন আমি অভিনয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। ভালো গল্প ও চরিত্র পেলে নাটকেও নিয়মিত কাজের ইচ্ছা রয়েছে।’

নতুন চমকে জনি ডেপ

ডিজনির জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর নতুন কিস্তি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান-৬’ নির্মাণের খবর পাওয়া গেছে। ২০১৭ সালে শেষ কিস্তি মুক্তির পর থেকেই ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন চলছিল। এবার নতুন প্রতিবেদনে জানা গেছে, জনি ডেপের আইকনিক চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারো ফিরে আসতে পারেন। তবে কাহিনিতে তার ছেলের চরিত্রটি কেন্দ্রীয় হতে পারে। হলিউড সংবাদমাধ্যম দ্য ইনসাইডার জানিয়েছে, ডিজনির সিইও জশ ডি’আমারো ও প্রেসিডেন্ট ডানা ওয়ালডেন ফ্র্যাঞ্চাইজিতে আগ্রহী। নতুন কিস্তিতে থাকবে মূল ছবির আবহ, আধুনিক ছোঁয়া এবং তুলনামূলক কম বাজেট। এর চিত্রনাট্য লিখছেন অস্কার মনোনীত লেখিকা ক্রিস্টি উইলসন-কেয়ার্নস। আরও জানা গেছে, মার্গট রবির মতো হলিউড তারকাকে নতুন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে। তবে ডিজনি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। মূল সিরিজে নিয়মিত অভিনয় করেছেন জেফ্রি রাশ, অরল্যান্ডো ব্লুম, কিরা নাইটলি, এবং অতিথি চরিত্রে দেখা গেছে পেনেলোপে ক্রুজ, ইয়ান ম্যাকশেন, চৌ ইউন-ফ্যাটকে। তবে পরিচালক গোর ভারবিনস্কি নতুন কিস্তিতে ফিরবেন না।

এবার বাফটা মাতাবেন আলিয়া

এবার বাফটা (ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড)-এর মঞ্চে উপস্থাপনা করতে দেখা যাবে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে। এর মাধ্যমে ভারতের বিনোদন দুনিয়ায় নতুন এক মাইলফলকের রচনা করছেন এই তারকা। জানা গেছে, আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড। এখানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা-অভিনেত্রী ও পরিচালকদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন আলিয়া।  ইতিমধ্যেই এ খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে দ্য ব্রিটিশ অ্যাকাডেমির পক্ষ থেকে। এ মঞ্চ থেকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আলিয়া। ওই একই মঞ্চে কেট হাডসন, স্যাডি সিঙ্কের মতো হেভিওয়েটদের সঙ্গে তার মঞ্চ ভাগ করে নেওয়ার মতো বিষয় যে ভারতের বিনোদন দুনিয়ার জন্য অত্যন্ত গর্বের কারণ হয়ে দাঁড়াবে তা বলাই যায়। এর আগে ‘মেট গালা’ ও কান চলচ্চিত্র উৎসবেও সবার নজর কেড়েছেন আলিয়া। এর আগে ২০২১ সালে ‘বাফটা’র মঞ্চে উপস্থাপিকা হিসেবে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, ২০২৪ সালে উপস্থাপিকার দায়িত্ব পেয়েছিলেন দীপিকা পাড়–কোন। আর এবার সেই দায়িত্বই পেতে চলেছেন আলিয়া ভাট।

সর্বশেষ সর্বাধিক পঠিত