দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী বাজারে বাসের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জুনাইদ (৯) নামে এক শিক্ষার্থী নিহত ও তিন শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছে। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জুনাইদের বাড়ি চিরিরবন্দর উপজেলার ১৩ মাইল এলাকায়।
গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চিরিরবন্দর উপজেলার আমতলী বাজার এলাকার মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনাইদ ওই স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
দুর্ঘটনার পর থেকে বেলা ৩টা পর্যন্ত ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা স্কুলের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন।
জানা গেছে, সকাল পৌনে ১০টার দিকে ব্যাটারিচালিত একটি ভ্যানে করে চার শিশুশিক্ষার্থী স্কুলে যাচ্ছিল। মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের সামনে পৌঁছালে ঢাকাগামী একটি বাস ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে শিশু জুনাইদ নিহত হয়। এ সময় ভ্যানে থাকা তিন ছাত্র ও চালক আহত হয়।
