ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদেরও পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা সংবলিত ভোটকেন্দ্রগুলোর ভোটগ্রহণের আগের দিন ও ভোটগ্রহণের দিনের ধারণকৃত ভিডিও ফুটেজ পরবর্তীকালে প্রমাণক হিসেবে ব্যবহারের নিমিত্ত সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে, ভোটগ্রহণের আগের দিন ও ভোটগ্রহণের দিন সিসি ক্যামেরায় ধারণকৃত ভোটকেন্দ্রের ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ওই চিঠিতে।
এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ : একই দিন পৃথক আদেশে জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেনের সই করা এ-সংক্রান্ত এক অফিস আদেশে বলা হয়, জন্মতারিখ-সংক্রান্ত যে আবেদনগুলো আগে ‘ক-১’ থেকে ‘গ’ ক্যাটাগরিতে ছিল, সেগুলোর তালিকা তৈরি করে ২৩ ফেব্রুয়ারি মধ্যে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে। প্রাপ্ত তালিকা অনুযায়ী, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ২৮ ফেব্রুয়ারি মধ্যে এসব আবেদনের ক্যাটাগরি পরিবর্তন করে ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সংশোধন কার্যক্রম সীমিত থাকায়, বর্তমানে জমে থাকা অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে।
এদিকে ‘ঘ’ ক্যাটাগরি উন্নীত হওয়ায় মাঠপর্যায়ের আবেদনগুলো এনআইডি মহাপরিচালকের অধীন চলে আসবে। ফলে তিনি নিজেই আবেদনগুলো নিষ্পত্তি করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে গত ১২ ফেব্রুয়ারি। এ দুই নির্বাচনের সময় জমেছে আবেদনগুলো।
