আসামি ধরতে গিয়ে হামলায় ৬ পুলিশ আহত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। গত বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, রসুলপুর গ্রামের জুলহাস মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আসমা বেগমকে (৪৫) গ্রেপ্তারের উদ্দেশে রাত ১টার দিকে অভিযান চালায় আড়াইহাজার থানা পুলিশ। এ সময় আসামির পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুলিশের কাজে বাধা দেন এবং বাগবিত-ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় এসআই অজিত, এএসআই আরিফ, এএসআই ফারুক, এএসআই শরীফ, এএসআই সাইফুল ও এএসআই নিজাম আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সরকার বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি আসমাকে আটক করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে তার আত্মীয়স্বজন ও আশপাশের লোকজন এসে পুলিশকে ঘেরাও করে রাখেন। এতে প্রায় এক ঘণ্টা পুলিশ অবরুদ্ধ অবস্থায় ছিল।

আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত