আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রেলপথে কোনো হয়রানি, বিশৃঙ্খলা বা কালোবাজারির অভিযোগ দেখতে চান না সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, টিকিট বিক্রি থেকে শুরু করে ট্রেনের সময়ানুবর্তিতা ও যাত্রীসেবার মানসহ সবকিছুতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি রেলকে লোকসানি প্রতিষ্ঠান থেকে বের করে নিয়ে আসার তাগিদ দিয়েছেন মন্ত্রী। একই সঙ্গে তিনিআগামী ১৮০ দিনের মধ্যে বিএনপির নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নযোগ্য একটি কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দেন।
গতকাল বৃহস্পতিবার রেলভবনে কর্মকর্তাদের মতবিনিময় সভায় মন্ত্রী শেখ রবিউল আলম এসব কথা বলেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় সড়ক, রেল এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান, রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
