বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নতুন ম্যান্ডেট নিয়ে মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সব দেশের সঙ্গে যোগাযোগ ও বন্ধুত্ব বজায় রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, অনেক দিন আমাদের মেরুদ- সোজা ছিল না। এখন আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি এবং আমরা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাব। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের কূটনীতি ‘সবার আগে বাংলাদেশ’ নীতির দ্বারা পরিচালিত হবে, যেখানে সব ধরনের বৈদেশিক সম্পৃক্ততার কেন্দ্রে থাকবে জাতীয় স্বার্থ ও নাগরিকদের কল্যাণ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত সরকার সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
