ভাষা, সংস্কৃতি ও হাজার মাইলের দূরত্বকে হার মানিয়েছে ভালোবাসার টানে মৌলভীবাজারের রাজনগরে ছুটে এসেছেন ক্রিস হুই নামের এক চীনা নাগরিক। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কামারচাক ইউনিয়নের টিকরপাড়া গ্রামে হেলিকপ্টারে করেক্রিস হুইকে নিয়ে আসেন প্রেমিক সুকান্ত সেন।
জানা যায়, কনে ক্রিস হুই চীনের সাংহাইয়ের বাসিন্দা। আর এদিকে সুকান্ত সেন চীন প্রবাসী টিকরপাড়ার সেন বাড়ির প্রয়াত স্বপন কুমার সেন ও শিল্পী রানি সেনের ছেলে।
শনিবার তারা বিয়ের পিড়িতে বসবেন। এর আগে ২০২৫ সালে সেখানে তারা বিবাহের রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। বাংলাদেশে বিবাহ অনুষ্ঠানে ক্রিসের সঙ্গে তার মা-বাবা ও চাচা উপস্থিত রয়েছেন। আগামী ২১, ২২ ও ২৪ ফেব্রুয়ারি বর সুকান্তের গ্রামের বাড়িতে তাদের বিয়ের আয়োজন রয়েছে।
এদিকে তাদের আগমন উপলক্ষে এলাকাই উৎসবের আমেজ বইছে। এই দম্পতিকে দেখতে ভিড় জমান শত শত মানুষ। বরের পুরো বাড়ি সাজানো হয়েছে। স্থানীয়রা জানান, হবু বর-কনেকে একনজর দেখতে গ্রামের অনেকে ছুটে আসছেন। বিদেশি তরুণীর সঙ্গে প্রতিবেশী ছেলের বিয়ে হবে—এ কারণে বর-কনেকে একসঙ্গে দেখতে এসেছেন তারা।
জানা যায়, ২০১৮ সালে সুকান্ত চীনে পাড়ি জমান। সেখানে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করার পর পরিচয় হয় ক্রিসের সঙ্গে। পরে তারা একসঙ্গে ব্যবসা শুরু করেন।
বর সুকান্ত সেন বলেন, ২০২৩ সালে আমরা একসঙ্গে ব্যবসা শুরু করি। এখন চায়নাতে আমাদের একটি কোম্পানি আছে। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি সেখানে বিবাহের রেজিস্ট্রেশন করি আমরা। এরপর আমরা পরিকল্পনা করি কখন বাংলাদেশে আসব। আমার পরিকল্পনা ছিল ভিন্ন কিছু করার, এ জন্য ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টারে বাড়িতে এসেছি। এতে আমার স্ত্রীও উচ্ছ্বসিত ছিলেন।
