সব বাধা পেরিয়ে অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত ‘আর্টেমিস-২’ মিশনের যাত্রার তারিখ ঘোষণা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আগামী ৬ মার্চ চার নভোচারীকে নিয়ে চাঁদের উদ্দেশ্যে পাড়ি জমানোর লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি। তবে প্রস্তুতির বাকি কাজ সম্পন্ন করতে সময়ের কিছুটা হেরফের হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
শুক্রবার(২০ ফেব্রুয়ারি) নাসার কর্মকর্তারা জানান, চলতি সপ্তাহে দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ মহাকাশযান মহড়ায় জ্বালানি সংক্রান্ত জটিলতা কাটিয়ে ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে প্রায় ৫০ ঘণ্টার একটি দীর্ঘ মহড়া শেষ করেছে নাসা। এই মহড়ায় রকেটে প্রায় ৭ লাখ ৩০ হাজার গ্যালন প্রপেল্যান্ট (জ্বালানি) ভরা হয়। উল্লেখ্য, গত মাসে প্রথম দফার মহড়ায় রকেটের হাইড্রোজেন লিকেজ বা ছিদ্র ধরা পড়ায় তা স্থগিত করতে হয়েছিল। তবে এবারের পরীক্ষায় তেমন কোনো বড় সমস্যা দেখা দেয়নি।
স্পেস লঞ্চ সিস্টেমের (এসএলএস) এই বিশাল কর্মযজ্ঞকে বলা হচ্ছে ‘ওয়েট ড্রেস রিহার্সাল’। মূলত উড্ডয়নের আগের প্রতিটি ধাপ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার জন্যই এই কৃত্রিম মহড়া চালানো হয়। এটি সফলভাবে সম্পন্ন হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন আর্টেমিস প্রকল্পের ব্যবস্থাপকরা।
নাসার লঞ্চ ডিরেক্টর চার্লি ব্ল্যাকওয়েল-থম্পসন সংবাদ সম্মেলনে বলেন, গত রাতের সাফল্য আমাদের মহাকাশ যাত্রার অধিকার অর্জনের পথে একটি বিশাল ধাপ। আমি দলের সবার জন্য অত্যন্ত গর্বিত।
যাত্রা চূড়ান্ত করার আগে এখনো কিছু গুরুত্বপূর্ণ কারিগরি কাজ বাকি রয়েছে। এর মধ্যে রকেটের ‘ফ্লাইট টার্মিনেশন সিস্টেম’ পরীক্ষা করা এবং একদিন ব্যাপী ‘ফ্লাইট রেডিনেস রিভিউ’ বৈঠক অন্যতম। এই সভায় নাসার উচ্চপদস্থ কর্মকর্তারা রকেটের প্রতিটি হার্ডওয়্যার এবং মিশন পরিচালনার সব প্রক্রিয়া শেষবারের মতো যাচাই করবেন। সব কিছু ঠিক থাকলে ৬ মার্চই উৎক্ষেপণ হবে, অন্যথায় মার্চের নির্ধারিত সময়ের (উইন্ডো) মধ্যেই অন্য কোনো দিন বেছে নেওয়া হতে পারে।
সূত্র: জিও নিউজ
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা