ছুটির দিনে নিজ এলাকায় গেলেন নতুন মন্ত্রীরা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১১ এএম

শপথগ্রহণ ও সচিবালয়ে দাপ্তরিক কাজ শেষে গতকাল শুক্রবার ছুটির দিনে নিজ নিজ নির্বাচনী এলাকায় সময় কাটিয়েছেন নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সেখানে কর্মী-সমর্থকদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের কাছে দেশ ও নিজ এলাকার উন্নয়ন নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তারা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

রাজশাহী : মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতকাল প্রথমবারের মতো সরকারি সফরে রাজশাহী যান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এদিন সকালে রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে মতবিমিনয় সভায় অংশগ্রহণ করেন। সেখানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, চাঁদাবাজ-ভূমিদস্যদের আইনের আওতায় আনা তার প্রথম কাজ। সেই সঙ্গে নিজ নির্বাচনী এলাকা রাজশাহীকে শান্তির নগরীতে পরিণত করা তার প্রধান চ্যালেঞ্জ। মতবিনিময় সভায় প্রশাসনকে সততা, দক্ষতা ও সাংবিধানিক দায়িত্ববোধ নিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

নরসিংদী : গতকাল সকালে মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের নিজ বাড়িতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণরূপে একটি দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলা হবে। আগামীতে আর মানুষকে চিকিৎসকের পেছনে ঘুরতে হবে না, বরং চিকিৎসক মানুষের পেছনে ঘুরবে। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

লালমনিরহাট : দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোস্তাফি এলাকায় এক পথসভায় যোগ দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের আগেই অগ্রাধিকার ভিত্তিতে দেশের হতদরিদ্র পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। প্রাথমিকভাবে ৮টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে দেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে এই কর্মসূচির আওতায় আনা হবে।

লক্ষ্মীপুর : সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউজে জেলা প্রশাসন, পুলিশ ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সভায় তিনি বলেন, আগামী ১৮০ দিনের মধ্যে দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু করবে সরকার। শিগগিরই খাল খননের তারিখ ও বাস্তবায়ন পরিকল্পনা চূড়ান্ত করা হবে। এর আগে সকালে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সার্কিট হাউজে পৌঁছলে জেলা প্রশাসক মেহেদী হাসান ও পুলিশ সুপার আবু তারেক তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন।

পিরোজপুর : সকাল সাড়ে ১০টায় পিরোজপুর সার্কিট হাউজে পৌঁছান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক আবু সাঈদ ও পুলিশ সুপার মনজুর আহম্মেদ সিদ্দিকী। এ সময় উপজেলা ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত প্রমুখ।

সিরাজগঞ্জ : দুপুরে সিরাজগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, চলতি রমজান মাসে সারা দেশে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা হবে। রমজানের পরপরই সেচ মৌসুম শুরু হবে। বিদ্যমান সক্ষমতা দিয়ে সরকার প্রাণপণ চেষ্টা করবে যাতে কৃষি উৎপাদন ও জনজীবনে বিদ্যুতের কোনো সংকট তৈরি না হয়। এর আগে সকালে সিরাজগঞ্জ পৌঁছান মন্ত্রী। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

কুমিল্লা : সকালে কুমিল্লা সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে কৃষি, খাদ্য ও মৎস্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। এ সময় তিনি বলেন, কৃষি খাত শক্তিশালী হলেই জাতীয় অর্থনীতির ভিত মজবুত হবে। কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।

নেত্রকোনা : সকালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে বনজ ও ফলদ গাছের চারা রোপণ করেন।

যশোর : বেলা সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউজে পৌঁছান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বসাধারণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে যশোর বিমানবন্দর থেকে সার্কিট হাউজে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন।

এ ছাড়া গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামে যান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রীর আগমনে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও তার বাসভবনে দলের নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গতকাল দুপুরে চাঁদপুরের কচুয়ায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তিনি নকল দূরীকরণের মতো মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাং মুক্ত দেশ গড়ে তোলার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত