ফরিদপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম

ফরিদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ১০ হাজার ১০০ পিস ইয়াবাসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে ডিবি পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশের প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর শহরের রঘুনন্দপুর এলাকার হাউজিং এস্টেটের উষা ভবন ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক এবং আসামিদের আটক করা হয়।

পুলিশ জানায়, অফিসার ইনচার্জ (ওসি ডিবি, ভাঙ্গা জোন) পি.এম. মামুনুর রশিদের নেতৃত্বে একটি দল শহরের রঘুনন্দপুর এলাকার হাউজিং এস্টেটের উষা ভবন ও এর আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই ভবনের সামনে ও ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই সহযোগীকে আটক করা হয়। তারা হলেন- আশিকুর রহমান রাহাত (২৫), সুমন মৃধা (৩২), মিরাজুল ইসলাম (২৯), রুমান মোল্লা (২৯) ও মোহাম্মদ সোলায়মান মৃধা (২৬)। তারা সবাই ফরিদপুর সদর কোতয়ালী থানা এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা জোন) পি.এম. মামুনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকসহ এই চক্রের সদস্যদের আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামছুল আজম বলেন, ফরিদপুর জেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম বলেন, মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। সাধারণ জনগণকেও এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত