বছর তিনেক আগে ইউটিউবের জন্য একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন অভিনেতা শিপন মিত্র। কিন্তু সম্প্রতি তিনি জানতে পারেন, সেই কাজটিই ‘সিনেমা’ হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
বিষয়টি জানার পরই ক্ষোভ প্রকাশ করে অভিনেতা বলেন, ‘আমি প্রতারণার শিকার হয়েছি।’
শিপন জানান, তখন তিনি নিয়মিত ইউটিউব কনটেন্টে কাজ করতেন।
একটি রোমান্টিক-কমেডি ঘরানার সিরিয়ালের প্রস্তাব পেয়ে তিনি এতে যুক্ত হন। মাত্র পাঁচ দিনেই শুটিং শেষ হয়। এরপর দীর্ঘ সময় কোনো খবর না থাকলেও নির্বাচনের আগের দিন তিনি জানতে পারেন, তার এই কাজটি ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমা হলে মুক্তি পাচ্ছে। এই কনটেন্টটির নাম ‘বরিশাইল্ল্যা পরী’, যা ১৩ ফেব্রুয়ারি দেশের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
এ বিষয়ে পরিচালক সালমান জসিম দাবি করেন, শুরু থেকেই তিনি সিনেমা নির্মাণ করেছেন। তার মতে, এতে ৫টি গান ও অ্যাকশন দৃশ্য রয়েছে, যা সাধারণ নাটকে সচরাচর থাকে না।
তবে শিপনের বক্তব্য ভিন্ন। তিনি বলেন, ‘আমাকে বলা হয়েছে, এখন নাটকের গান হিট হয়। সে কারণে তারা দুটি গান রেখেছে। পরে আবার তারা বলে, নাটকে নতুন কিছু করতে চায়। সিনেমার মতো মারামারি রাখবে, এটা নাকি নাটকের জন্য ভালো হবে। ভিউ বেশি হবে। দর্শকের কথা ভেবে রাজি হই। এখন দেখছি, এসবই তারা চোখে ধুলা দিয়ে আমার সঙ্গে প্রতারণা করেছে।’
অন্যদিকে প্রযোজক শফিকুল ইসলাম জানান, প্রথমে টেলিফিল্ম হিসেবে কাজ শুরু হলেও পরে সেটিকে সিনেমা হিসেবে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিষয়টি নায়ককে জানানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।
ট্রাকের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত