দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়ার ঘোষণা যুবকের

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিয়েছেন রাশেদ দাড়িয়া (৩৫) নামে এক যুবক। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদ দাড়িয়া কোটালীপাড়া পৌরসভার ঘাঘর কান্দা গ্রামের হাসেন দাড়িয়ার ছেলে। শুক্রবার জুম্মার নামাজের আগে নিজ বাড়িতে একটি বড় অ্যালুমিনিয়ামের পাত্রে বসে তিনি দুধ দিয়ে গোসল করেন। এ সময় তার মা মগ দিয়ে মাথায় দুধ ঢালেন। পুরো ঘটনাটি রাশেদ নিজেই মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়।

রাশেদ সাংবাদিকদের জানান, গত দুই বছর ধরে তিনি অনলাইনে জুয়া খেলছিলেন এবং এতে প্রায় ১০ লাখ টাকা দেনায় জড়িয়ে পড়েন। দেনার চাপে দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। পরিবারের পরামর্শে নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান। শিগগিরই কাজের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

তিনি আরও বলেন, ‘আমি সকল যুবক ভাইদের অনুরোধ করব, কেউ যেন এই সর্বনাশা জুয়ার সঙ্গে জড়িত না হয়। এই খেলায় কেউ লাভবান হয় না, বরং ধ্বংসের দিকে চলে যায়। যারা এখনো জুয়া খেলছেন, তারা যেন দ্রুত এ পথ থেকে ফিরে আসেন।’

এদিকে, রাশেদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। পাশের বাড়ির বাসিন্দা জলিল গাজী বলেন, দীর্ঘদিন ধরে জুয়ার কারণে রাশেদ হতাশায় ভুগছিলেন। এখন তিনি জুয়া ছেড়ে বিদেশে কাজ করতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটি ইতিবাচক উদ্যোগ। এলাকাবাসী তার মঙ্গল কামনা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত