পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে ১৫ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

৩১ টন কয়লাবোঝাই ট্রাকের ধাক্কায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র থেকে পার্বতীপুর ৩৩ হাজার ভোল্টেজের গ্রিডের সঞ্চালন লাইনের একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে যায়। সেই সঙ্গে আরও তিনটি বিদ্যুতের খুঁটির ফাটল ধরে। ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাক চালক সোহাগ (৩০) ও হেলপার মো. সজিব (২৬) আহত হন।

এঘটনার পর পার্বতীপুর শহরে প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর শনিবার বিকাল ৫টায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পার্বতীপুর উপজেলার হাবড়া গোলাবাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত চালক ও হেলপারের বাড়ি ঝিনাইদহ সদরে।

এরশাদ নগর এলাকার আনোয়ার হোসেন জানান, ভোর ৪টার দিকে বিকট শব্দ শুনতে পাই। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যশোরের নোয়াপাড়া থেকে আসা একটি কয়লা বোঝাই ট্রাক বিদ্যুতের একটি খুঁটিতে ধাক্কা দেয়। এতে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিটি ভেঙে পাশের আম বাগানে পড়ে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ট্রাকটি সৈয়দপুর চৌমুহনী জনৈক ভাটা মালিকের জানা যায়।

পার্বতীপুর রেলওয়ে এলাকার ডা. রুকুনুজ্জামান বাবুল বলেন, শহরে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে আছেন। মুঠোফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। শহরের মসজিদ, মাদরাসা, কাপড় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে জেনারেল চালু ব্যবস্থা করতে দেখা গেছে।

পার্বতীপুর শহরের সাব-রেজিস্টার অফিস সংলগ্ন ভূমি সেবা সহায়তা কেন্দ্র ও বিসমিল্লাহ কম্পিউটার দোকানের মালিক গোলাম রব্বানী বলেন, বিদ্যুৎ না থাকায় ভূমি বিষয়ক ও সাব-রেজিস্টার অফিসে বিভিন্ন কাজে আসা লোকজন কাজ না করতে পেরে ফিরে যাচ্ছেন।

বিদ্যুৎ না থাকায় অনলাইন সেবা প্রদান, কম্পোজ, প্রিন্ট, স্ক্যান ও ফটোকপির কাজ করা যাচ্ছে না। সকাল থেকে অনেকেই দোকানে এসে ফিরে গেছেন।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) পার্বতীপুর কার্যালয় জানিয়েছে, পার্বতীপুর শহরে আওতাধীন প্রায় ২০ হাজার গ্রাহক রয়েছে। শহরে নেসকোর বিদ্যুতের চাহিদা ৬ থেকে ৭ মেগাওয়াট।

এব্যাপারে পার্বতীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নেসকো, পার্বতীপুর আবাসিক প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মা দেশ রূপান্তরকে বলেন, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র থেকে পার্বতীপুর ৩৩ হাজার কেভি সঞ্চালন লাইনের একটি বৈদ্যুতিক খুঁটি ট্রাকের ধাক্কায় ভেঙে পড়ে গেছে। এরপর থেকে পার্বতীপুর শহরে নেসকোর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

দুর্ঘটনাকবলিত খুঁটি সকাল থেকে বিদ্যুৎ লাইন সচলের জন্য নেসকো বিদ্যুতের কর্মীরা এ সমস্যা সমাধানে কাজ করছেন। ভেঙে যাওয়া খুঁটির স্থলে নতুন খুটি স্থাপনের পর বিকাল ৫টার দিকে বিদ্যুৎ স্বাভাবিক হয়।

অপরদিকে, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ পার্বতীপুর জোনাল কার্যালয়ের মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জহুরুল হক বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির পৃথক বিদ্যুতের লাইন থাকায় পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত