চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২৭০ কার্টন সিগারেট ও ১৫টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় বিজি ১৪৮-এর যাত্রী মোহাম্মদ হোসেন জাহেদ হাবিবের ব্যাগেজে এসব পণ্য পাওয়া যায়। বিমানবন্দর এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখার অভিযানে বিষয়টি ধরা পড়ে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, ওই যাত্রীর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির পশ্চিম ফরহাদাবাদে। আটক ১৫টি মোবাইল ফোনের মধ্যে ৫টি আইফোন ও ১০টি গুগল পিক্সেল ফোন।
উদ্ধার করা সিগারেট থেকে ৪ লাখ ৪০ হাজার টাকা ও মোবাইল ফোন থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা রাজস্ব আহরণ হবে। যাত্রীর কাছ থেকে আটক সিগারেট ও মোবাইল ফোনের চালান ডিপার্টমেন্টাল মেমোরেন্ডা (ডিএম) মূলে জব্দ করা হয় যা চট্টগ্রাম কাস্টম হাউসের হেফাজতে থাকবে। আটক যাত্রীকে বিমানবন্দর এনএসআই ও কাস্টমস মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।