ভিন্ন ভাষায় একই আবেগ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ এএম

বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার শামিত সোমের পতাকা হাতে উদযাপনের একটি ছবি নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। ‘ফিফা বিশ্বকাপ’ নামে সেই পেইজে শামিতের ছবির ওপরে স্পষ্ট বাংলায় লেখা হয়েছে ‘ফুটবলই আমাদের ভাষা’। আর ক্যাপশনে ফিফা লিখেছে ‘ভিন্ন ভাষার একই আবেগ (ফুটবল)’। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এভাবেই বাংলা ভাষাকে স্মরণ করেছে ফিফা।

সারা দুনিয়াই একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে নেমে এসেছিল ছাত্র-শিক্ষক থেকে শুরু আপামর জনতা। সেদিন পাকিস্তানি সরকারের নির্দেশে ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছিল পুলিশ। গুলির আঘাতে শহীদ হয়েছিলেন সালাম, বরকত, শফিক, জব্বারসহ অনেকেই। বাঙালির মুখের ভাষা কেড়ে নিয়ে জিন্নাহ সরকার চেয়েছিল পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করতে। রক্তক্ষয়ী আন্দোলনের মুখে সেটা করা সম্ভব হয়নি। এরপর থেকেই দিনটি বাঙালি জাতি গভীর শোক ও শ্রদ্ধভারে স্মরণ করে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং পরের বছর অর্থাৎ ২০২১ সালে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। অবশ্য ফিফার ওই পোস্টটি কেবলমাত্র বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরাই দেখতে পারছেন। শনিবার বিকেল পর্যন্ত ৮৫ হাজার মানুষ পোস্টে বিভিন্ন রিঅ্যাক্ট দিয়েছে। তিন হাজারেরও বেশি মানুষ কমেন্টস করেছেন এবং প্রায় ১৫০০ শেয়ার হয়েছে। ফিফার এই ব্যতিক্রমী উদ্যোগ যেমন ভীষণভাবে প্রশংসা কুড়িয়েছে, তেমনই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনেক ফুটবলার নিজ নিজ সামাজিক মাধ্যমে বাংলাদেশকে নিয়ে পোস্ট করেছেন।

নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও সাবেক অধিনায়ক আমিনুল হক শহীদদের শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে সব ভাষাশহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। যাদের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের মাতৃভাষার অধিকার, তাদের স্মৃতি চিরদিন বাঙালির হৃদয়ে অমøান হয়ে থাকবে। শহীদদের রক্তে রাঙানো একুশ আমাদের গৌরব, আমাদের পরিচয়।’

নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন লিখেছে, ‘তারুণ্যের নব চেতনায় একুশ রবে সকলের অনুপ্রেরণায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

সর্বশেষ সর্বাধিক পঠিত