ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দক্ষিণ কোতাবাতোর একটি হাইস্কুলে এক কিশোর শিক্ষার্থীর বন্দুক হামলায় ৩ জন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বানগা শহরের ‘বানগা ন্যাশনাল হাইস্কুল’ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১৪ বছর বয়সী একজন ছাত্র ও একজন ছাত্রী রয়েছে এবং তৃতীয় ব্যক্তিটি হলো ১৬ বছর বয়সী স্বয়ং ওই হামলাকারী শিক্ষার্থী, যে হামলার পর আত্মহত্যা করে।
বানগা শহরের মেয়র আলবার্ট পালেনসিয়া রয়টার্সকে জানান, হামলাকারী গুলি চালানোর আগে বন্ধুদের বলেছিল, দুপুরের খাবারের পর সে তার পরিকল্পনা বাস্তবায়ন করবে। তবে বন্ধুরা তার কথা গুরুত্ব দেয়নি।
মেয়র জানান, দুপুরের খাবারের পর ওই শিক্ষার্থী হঠাৎ গুলি চালাতে শুরু করে। এতে ১০ জন গুলিবিদ্ধ হওয়ার পর হামলাকারী নিজেও আত্মহত্যা করে।
দক্ষিণ কোতাবাতোর গভর্নর রেইনালদো তামায়ো জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আগ্নেয়াস্ত্র শিশু-কিশোরদের নাগালের বাইরে রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।